‘ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই আসল পরীক্ষা হবে আকিলদের’

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে হেটমায়ার-পাওয়েলদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ পারফর্ম করেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। দুই স্পিনার আকিল হোসেন ও গুডাকেশ মোটির ঘূর্ণিতে ১০৭ রানের রেকর্ড গড়া জয় পেয়েছে ক্যারিবীয়রা। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয়ে অনেকটা ফুরফুরা মেজাজেই রয়েছে সাই হোপ বাহিনী।
ম্যাচে সবচেয়ে সফল বোলার ছিলেন বাঁহাতি স্পিনার মোটি। ৪ ওভার বল করে মাত্র ২৮ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন তিনি। ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন আকিল। তিনি পেয়েছেন তিনটি উইকেট। অর্থাৎ দুই স্পিনার মিলে ৮ ওভারে ৫৬ রানের খরচায় নিয়েছেন মোট সাতটি উইকেট।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ পারফর্ম করলেও আকিল-মোতিদের আসল পরীক্ষা বাকিই রয়েছে বলে মনে করছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডু প্লেসিস। ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই হবে তাদের আসল পরীক্ষা। ম্যাচ শেষে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে এমনটাই বলেন তিনি।
ডু প্লেসিস আকিল ও মোটির প্রশংসা করেন বলেন, ‘‘আমার মনে হয় ট্যাকটিক্যালি তারা দারুণ স্মার্ট। ব্রায়ান বেনেটের বিপরীতে আকিল যেভাবে বল করছিল, এমনটা আমি আগে কখনই দেখিনি। তার করা বলগুলো সত্যিই দুর্দান্ত ছিল।’’
তিনি আরও বলেন, “যখন কোনো বল এমনভাবে টার্ন করে এবং বাউন্স নেয়, তখন বোঝা যায় সেটা কতটা মানসম্পন্ন ডেলিভারি। যেভাবে সে ইনিংস শুরু করেছিল… তারা দুজন সম্পূর্ণ ভিন্ন ধরনের স্পিনার। একজন পাওয়ারপ্লে বিশেষজ্ঞ। একদম স্যামুয়েল বাদ্রির মতো। আর মোটি ষষ্ঠ ওভারের পরে এসে ম্যাচের গতি পুরো থামিয়ে দেয়।’’
প্রশংসা করার পাশাপাশি কঠিন পরীক্ষার কথা জানিয়ে ডু প্লেসিস বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় আমি তাদের বোলিং দেখেছি। দুজনের বিপক্ষে অনেকগুলো ম্যাচে খেলেছি এবং ব্যাটিং করেছি। তারা সত্যিই অসাধারণ বোলার। তবে তাদের আসল পরীক্ষা এখন শুরু হবে। ভারতের মাটিতে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তারা কেমন বোলিং করবে, সেটাই এখন দেখার বিষয়। মূলত ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই আসল পরীক্ষা দেবেন এই দুই ক্যারিবীয় স্পিনার।’’
এমএমএম/