ইংল্যান্ডকে ১৬৫ রানের চ্যালেঞ্জ দিল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দিনের একমাত্র ম্যাচে পাকিস্তানকে ভালো সূচনাই এনে দেন ওপেনার সাহিবজাদা ফারহান। ফখর জামান-শাদাব খানরাও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। এরপরও ইনিংসের শেষদিকে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি রান সংগ্রহ করতে পারলেন না সালমান আলি আগারা। ২০ ওভারে ৯ উইকেটে পাকিস্তান তুলেছে ১৬৪ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি পাকিস্তানের। বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচটি। অন্যদিকে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট শুরু করে ইংল্যান্ড। দুদলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাল্লেকেতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইম আইয়ুব। জোফরা আর্চারের করা বলে ব্যক্তিগত ৭ রানে জ্যাকব বেথেলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আর ৫ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক সালমান।
তৃতীয় উইকেটে জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার সাহিবজাদা ফারহান ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। এসময় ইতিবাচক অবস্থানেই ছিল পাকিস্তানিরা। ২৪ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন বাবর। অন্যদিকে ফিফটি তুলে নেন ফারহান। আউট হওয়ার আগে তিনি করেন ৬৩ রান। ৪৫ বলে খেলা তার ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো।
এই দুজন আউট হওয়ার পর ক্রিজে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি পরবর্তী ব্যাটাররা। তবে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ফখর জামান ও শাদাব খান। ১৬ বলে ২৫ রান করেন ফখর। আর শাদাবের ব্যাট থেকে আসে ২৩ রান। এছাড়া উসমান খান ৮, মোহাম্মদ নেওয়াজ শূন্য, শাহিন আফ্রিদি ২ ও সালমান মির্জা ২ রান করেন।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লিয়াম ডুসন। দুটি করে উইকেট পেয়েছেন জোফরা আর্চার ও জেমি ওভারটন।
এমএমএম/