এবারও অস্ট্রেলিয়া-আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি দল

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য খেলার সূচি সাজানোর চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। দেশে ছাড়াও অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলার সুযোগ রয়েছে জাতীয় দলের ভবিষ্যত তারকাদের সামনে।
সবকিছু ঠিক থাকলে এইচপির ট্রেনিং শুরু হবে আগামী মে মাসে। এরপর জুন মাসে জিম্বাবুয়ে ‘এ’ দল এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে।
এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স বিভাগ। এবারও সেখানে টপ এন্ড টি-টোয়েন্টির পরে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর কথা রয়েছে।
বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘আমরা প্ল্যান-প্রোগ্রাম করেছি, বৃষ্টির সিজনে বাইরে খেলতে চাই। এবারের প্রোগ্রামে টোটাল চারটা সিরিজ খেলব এইচপিতে। তার মধ্যে দেশে একটা হবে– জিম্বাবুয়ে আসবে, পরে দক্ষিণ আফ্রিকায় যাব আমরা। একটা ইমার্জিং এশিয়া কাপ রয়েছে এবং অস্ট্রেলিয়া সফরে যাব।’
তিনি আরও জানান, ‘এবার আমাদের এইচপি এবং “এ” দলের মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না। কারণ অনূর্ধ্ব-২৩ থাকবে তখন এইচপিতে, সেভাবে খেলোয়াড় নেওয়া হবে। ২৫ জনের মতো থাকার সম্ভাবনা রয়েছে। আলোচনা চলছে যারা যোগ্য তারা এইচপিতে ডাক পাবে। একটা স্কলারশিপ দেবো আমরা, বুঝে-শুনে যোগ্যদের দেবো।'
এসএইচ/এএইচএস