পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি

পাকিস্তানের এক ক্রিকেটারকে ঘিরে প্রকাশিত ‘ভিত্তিহীন’ অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে শ্রীলঙ্কা সফরে ওই ক্রিকেটারের অসদাচরণের অভিযোগ নিয়ে একটি স্থানীয় টিভি চ্যানেলে সংবাদ প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তান দলের ওই পেসার হোটেলে অনুপযুক্ত আচরণ করেছিলেন এবং হোটেল কর্তৃপক্ষ দল ব্যবস্থাপনার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছিল। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে দল ব্যবস্থাপনা তদন্ত শুরু করে বলেও উল্লেখ করা হয়।
তবে পিসিবি জানায়, প্রচারিত তথ্য যাচাইবিহীন এবং বিভ্রান্তিকর। বোর্ডের মতে, এ ধরনের খবর দায়িত্বজ্ঞানহীন ও বিদ্বেষমূলক। এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছে তারা।
অন্যদিকে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছে পাকিস্তান। ২০ দলের এই টুর্নামেন্টে সুপার এইটে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও সেমিফাইনালে উঠতে পারেনি তারা। গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারার পাশাপাশি ইংল্যান্ডের কাছেও পরাজিত হয় পাকিস্তান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কলম্বোয় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
ফলে টানা দ্বিতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো পাকিস্তান। এর আগে ২০২২ আসরে তারা রানার্সআপ হয়েছিল।
বিশ্বকাপ থেকে বিদায় হওয়ার পর দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। আর চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে তারা। তাদের এই সফরে থাকছে তিনটি ওয়ানডে ম্যাচ। ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। একদিন পরে দ্বিতীয় এবং ১৫ মার্চ শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এমএমএম/