বারবার গোল বাতিল হওয়ায় বাংলাদেশের বিপক্ষে নার্ভাস ছিল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ৫-বাংলাদেশ ০। স্কোরলাইনেই একপেশে ম্যাচের ইঙ্গিত। তবে ৪৫ মিনিট পর্যন্ত খেলার চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশ ০- উত্তর কোরিয়া ০। তিন বার বাংলাদেশের জালে বল পাঠানোর পর স্কোরশিট খুলেনি ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার। এতে উত্তর কোরিয়া খানিকটা শঙ্কিত ছিল।
ম্যাচ সেরা হয়ে উত্তর কোরিয়ার চে উন সংবাদ সম্মেলনে এসেছিলেন। তিনি ম্যাচের পরিস্থিতি নিয়ে বলেন,‘আমরা গোল করছিলাম কিন্তু ভিএআরে বাতিল হয়ে যাচ্ছিল। এতে খানিকটা নার্ভাস ছিলাম।’খেলোয়াড়ের মতোই বললেন কোচ রি সন,‘আমি খেলোয়াড়দের শান্ত থাকতে বলছিলাম, গোল আসবেই। প্রথম গোল হওয়ার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়।’
ম্যাচের ১৪তম মিনিটে উত্তর কোরিয়া বাংলাদেশের জালে বল পাঠায়। ভিএআর চেক করে কোরিয়ান ফুটবলারের হ্যান্ডবল পায়। মিনিট পাঁচেক পর বাংলাদেশের গোলরক্ষক মিলির গ্রিপ করা বলে শট নিয়ে গোল করলে সেটাও বাতিল হয়। এরপর অফসাইডে আরেকটি গোল বাতিল হয়।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার কোচ বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। বাংলাদেশ আজকের ম্যাচে একটি শটও নিতে পারেনি। এ নিয়ে কোচ বলেন,‘আমি বাংলাদেশের তিন জন খেলোয়াড় পর্যবেক্ষণ করেছিলাম। যারা আসলেই আমাদের জন্য শঙ্কার ছিল। সেই অনুযায়ী আমি পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে এসেছে, এজন্য তারা সেভাবে আক্রমণ করতে পারেনি।’
বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাত্র ২-০ গোলে হেরেছিল। উত্তর কোরিয়াও বাংলাদেশের বিপক্ষে গোল পেতে ৪৫ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়েছে। এরপরও ম্যাচের স্কোরলাইন ৫-০ হতে পারে এমনটা ভেবেছিলেন কি? এই প্রশ্নের উত্তরে উত্তর কোরিয়ান কোচ বলেন,‘ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে। এজন্য স্কোরলাইন নিয়ে আমি সেভাবে ভাবিনি। বাংলাদেশ ভালো দল তারা রিকভারি পেলে আরো ভালো করবে।’
এজেড/এফআই