ইরান যুদ্ধের প্রভাব পড়ল আইসিসির সভায়

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাটিতে হামলা চালাচ্ছে ইরান। ফলে এ অঞ্চলে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। এ অবস্থায় চলতি মাসের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
ক্রিকেট ভিত্তিক ভারতীয় নিউজ পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বোর্ড সভা স্থগিত হলেও অর্থ সংক্রান্ত কমিটির আলোচনাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে হবে। তবে এ সভা হবে ভার্চুয়ালি। আপাতত এভাবেই জরুরী সভাগুলো করবে তারা।
আগামী এপ্রিল মাস থেকে সভাগুলো সশরীরে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ যুদ্ধের গতিপথ এখনও স্পষ্ট নয়। তাই সেটা নির্ভর করছে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার ওপর।
এবারের সভার তিনটি প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম ছিল, বিশ্বব্যাপী সম্প্রচার সত্ত্ব। কারণ ২০২৭ সালে শেষ হবে জিওস্টারের সঙ্গে আইসিসির চুক্তি। তাই আগেব থেকেই এ নিয়ে পরিকল্পনা করছে আইসিসি। এ ছাড়া পরবর্তী ভবিষ্যৎ সফরসূচি নিয়ে প্রাথমিক আলোচনা এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকসের যোগ্যতা অর্জন প্রক্রিয়া নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
এইচজেএস