ঘরোয়া লিগ থেকে নাম সরিয়ে নিলেন বাবর

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। এই সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজমের। অভিজ্ঞ এই ব্যাটার এবার সিদ্ধান্ত নিয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি লিগে না খেলার।
পাকিস্তানের চলছে জাতীয় টি–টোয়েন্টি কাপ। সেখানে খেলার কথা ছিল বাবরেরও। তবে পারিবারিক কারণ দেখিয়ে এই আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।
পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলোচনা করে জাতীয় টি–টোয়েন্টি কাপ থেকে বিরতি নিয়েছেন বাবর। মানসিকভাবে ঘুরে দাঁড়াতে কিছুদিন পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান তিনি।
লিগ থেকে বিরতি নিলেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাবেন বাবর। ফর্ম ফিরে পেতে এবং মানসিক চাপ কমাতে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন ও অনুশীলন করছেন। পিএসএলের আগে নিজেকে ফিরে পেতে মরিয়া অভিজ্ঞ এই ব্যাটার
এদিকে বাংলাদেশ সিরিজে বাবরের না থাকাকে বাদ পড়া নয়, বরং বিশ্রাম হিসেবে দেখছেন কোচ। তিনি দাবি করছেন, বাবরকে বাদ নয়, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হেসন বলেছেন, 'কেউ বাদ পড়েছে এ কথা বলতে আমি রাজি নই। প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা যাতে নিজেদের মেলে ধরতে পারে, সেজন্য এই সিরিজটা তাদের কাছে একটা সুযোগ।'
এইচজেএস