‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’

আইসিসির বৈশ্বিক ইভেন্টে দাপট চলছে ভারতের। গেল দু’বছরে তিনটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তবু সন্তুষ্ট নন দেশটির ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আগেই পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছিলেন তারা! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন পেসার আর্শদীপ সিং।
বিজ্ঞাপন
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ভারতীয় দল। প্রথম দেশ হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। প্রথম দেশ হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। প্রথম দেশ হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। একের পর এক ট্রফি ভারতীয় দলের সাফল্যের তাড়না যেন আরও বাড়িয়ে দিয়েছে।
দলের পরবর্তী লক্ষ্য নিয়ে আর্শদীপ বলেছেন, ‘২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমি, হার্দিক ভাই (পাণ্ডিয়া) এবং দলের কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম, পরের ১০ বছরে অন্তত পাঁচটা আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে। এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারলে এই লক্ষ্য অর্জন করা কঠিন নয়। ঠিকমতো পারফর্ম করতে পারলে সাফল্য আসবেই। তাই আমরা একটি পদ্ধতি মেনে চলার চেষ্টা করছি। নিজেদের পারম্যান্স আরও ভালো করার চেষ্টা করছি।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপে পেস বোলিংয়ের ক্ষেত্রে মূলত তার এবং জসপ্রীত বুমরাহের ওপর ভরসা রেখেছিল ভারত। বুমরাহর সঙ্গে জুটিতে বল করার অভিজ্ঞতা কেমন? আর্শদীপ বলেছেন, ‘‘বুমরাহ ভাইয়ের সঙ্গে বল করতে খুব ভালো লাগে। মজা হয়। ওর কাছে ক্রিকেট ব্যাপারটা খুব সহজ। দেখলে মনে হয় কম্পিউটারে ক্রিকেট খেলছে! অসাধারণ পদ্ধতি অনুসরণ করে বুমরাহ ভাই। অসম্ভব পরিশ্রম করতে পারে। আমাদের সকলকেও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করে।’’
বিজ্ঞাপন
এফআই