দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দেই ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতেই সুপার এইটে উঠে তারা। সেখানেও জেতে সবগুলো ম্যাচে। কিন্তু সেমিফাইনাল পর্ব পার করতে পারেনি তারা। এখানেই খানিকটা চটেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বলেছেন তিনি।
বিজ্ঞাপন
একটি ইউটিউব অনুষ্ঠানে ভন বলেন, ‘আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের ‘সবচেয়ে বোকা দল’ ছিল। কারণ, সুপার এইটে তারা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারত, তবে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যেত। আমি শুধু এটাই বলছি যে- যদি তারা ভারতকে তখনই সরিয়ে দিত, তবে ভারতের এই জয়রথ থেমে যেত।’
তিনি আরও যোগ করেন, বিশ্বকাপ জেতার সেরা উপায় হলো সেরা দলটিকে শুরুতেই টুর্নামেন্ট থেকে বিদায় করে দেওয়া। দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের সেমিফাইনালের পথ সহজ করে দিয়েছে, যা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে।
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যায় ভারত। পরে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালেও ওঠে তারা। অন্যদিকে গ্রুপ পর্ব ও সুপার এইট- দুই ধাপেই অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।
বিজ্ঞাপন
ভনের মন্তব্য নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার বক্তব্যটি ছিল কৌশলগত বিশ্লেষণ, আবার কেউ কেউ এটিকে বাড়াবাড়ি সমালোচনা বলেও আখ্যা দিয়েছেন।
এমএমএম/