ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল না হলে ফাইনালে যাবে কোন দল?

মুম্বাইয়ে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তারপরও আবহাওয়া যেকোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে। যদি বৃষ্টি বা অন্য কোনো কারণে বৃহস্পতিবারের ম্যাচ ভেস্তে যায়, তা হলে কী হবে? কারা যাবে ফাইনালে?
মুম্বাইয়ে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা না থাকলেও আইসিসি ‘রিজার্ভ ডে’ রেখেছে। দুটি সেমিফাইনালেই এই নিয়ম। ইডেনে নির্বিঘ্নে প্রথম সেমিফাইনাল হয়েছে।
আজ বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে যদি খেলা না হয় বা মাঝপথে বন্ধ হয়ে যায়, তবে ম্যাচটি পরের দিন, অর্থাৎ শুক্রবার নতুন করে শুরু করা হবে অথবা আগের দিন যে জায়গায় খেলা বন্ধ হয়েছে, সেখান থেকেই শুরু হবে। ফলাফল নিশ্চিত করার সব রকম চেষ্টা করা হবে।
এ ছাড়া খেলার নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত সময়ও রাখা হয়েছে। সেমিফাইনালের নির্ধারিত দিনে (বৃহস্পতিবার) ৯০ মিনিট এবং রিজার্ভ ডেতে (শুক্রবার) ১২০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় বরাদ্দ আছে। ফাইনাল ম্যাচের ক্ষেত্রে মূল দিন এবং রিজার্ভ ডে দুই দিনই ১২০ মিনিট করে অতিরিক্ত সময় রাখা হয়েছে।
সাধারণত টি-টোয়েন্টি ম্যাচে ফলাফলের জন্য ৫ ওভার করে উভয় দলকে ব্যাটিং করতে হয়। তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেমিতে ম্যাচের ফলাফল হওয়ার জন্য দুই দলকেই অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে। যদি মূল দিনে তা সম্ভব না হয়, তবে রিজার্ভ ডেতে ম্যাচটি নতুন করে শুরু না হয়ে ঠিক যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।
রিজার্ভ ডের পরও যদি ম্যাচটি শেষ করা না যায়, তবে নিয়ম অনুযায়ী সুপার এইট পর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল বিজয়ী হবে। এই নিয়মে ভারত ছিটকে যাবে, ইংল্যান্ড ফাইনালে উঠবে। কারণ, ভারত সুপার এইট পর্বে ৪ পয়েন্ট পেয়েছিল, অন্য দিকে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে ছিল।
এইচজেএস