২৫ কোটি ২০ লাখ রুপি দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোটি রুপির মূল্য দিতে পারছেন না অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। পুরোনো চোট ও ক্রিকেট অস্ট্রেলিয়ার বিধিনিষেধের কারণে শুরুর দিকে তাকে দিয়ে বোলিং করাতে পারছে না দল। আইপিএলে দুটি ম্যাচেই ব্যাট হাতে বিবর্ণ তিনি। দুটোতেই হারের পর গ্রিনকে ছাঁটাই করার পরামর্শ দিলেন সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং।
বিজ্ঞাপন
মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে প্রথম ম্যাচ হারার ম্যাচে মাত্র ১৮ রান করেন গ্রিন। পরে সানরাইজার্স হায়দরাবাদের কাছেও ৬৫ রানে হেরেছে কলকাতা। সতীর্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২৬ বছর বয়সী ব্যাটার আউট হন ২ রানে। বল করতে না পারায় উইকেট নেওয়ার প্রশ্নও আসছে না। হরভজনের মতে, শুধু ব্যাটিং করার কারণে গ্রিনকে একাদশে রাখার কোনো মানে নেই।
গ্রিনের বিকল্প হিসেবে কাকে নেওয়া যেতে পারে সেটাও জানিয়ে দিলেন হরভজন, ‘আমার মনে হয় ক্যামেরন গ্রিন এই দলটার সঙ্গে খাপ খায় না। মূল কারণ ও বল করছে না। তার বদলে টিম সেইফার্টকে দিয়ে ওপেন করানো যেতে পারে। যদি গ্রিন বলই না করে, তাহলে একজন ব্যাটারকে খেলানোই ভালো। তাছাড়া আরেকজনও আছে। সে হলো রভম্যান পাওয়েল। তাকেও খেলানো যেতে পারে।’
বোলিং, ব্যাটিং কোনো বিভাগেই ভালো করতে পারছে না কলকাতা। হরভজন বলেছেন, ‘প্রথম দুটো ম্যাচে হারের পর নিঃসন্দেহে অনেক বেশি চাপ এখন কেকেআরের ওপরে। এখান থেকে ঘুরে দাঁড়াতে চাইলে কয়েকটা বিষয় ঠিক করতে হবে। সবার আগে ওদের বোলিংয়ের উন্নতি দরকার। এছাড়াও সেইফার্ট বা পাওয়েলকে দ্রুত খেলানো উচিত। ওদের শক্তি রয়েছে, বড় রানও করতে পারে।’
বিজ্ঞাপন
এফএইচএম/
