গত এক দশক ধরে বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের ভেন্যুতে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান এডহক কমিটি এবার বগুড়া, খুলনা ও ফতুল্লার তিনটি স্টেডিয়ামে আবার খেলা আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায়।
বিজ্ঞাপন
বগুড়ায় ২০১৬ সালে শেষবার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টের পর শুধু নারী ক্রিকেটের একটি ম্যাচ ছাড়া দীর্ঘ সময় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ছিল খুলনার স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আর ফতুল্লার মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৪ সালে, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিল। গতকাল সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠ পরিদর্শনে গিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিসিবির এডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। পরে ঢাকা পোস্টকে তিনি জানিয়েছেন, বগুড়ার মাঠ সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বাবু বলেন, ‘আগামী বছর বগুড়াতে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে খেলা শুরুর পরিকল্পনা শুরু হচ্ছে। পরিকল্পনা রয়েছে যেন জুন-জুলাইতেই ফেরানো যায় খেলা। মূলত মাঠটির ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাড লাইট সারতে হবে। সঙ্গে ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারিও সুন্দর করতে হবে। এরপর আমরা খুলনাও যাব।’
এসএইচ/এফএইচএম
