ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড সাজানোর লক্ষ্যে ফিফার মার্চ উইন্ডোকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে পরাশক্তি দলগুলো। এই সময়ে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফরাসিরাও সেলেসাওদের পাশাপাশি আরেক লাতিন দেশ কলম্বিয়ার বিপক্ষে খেলবে। সেলক্ষ্যে কিলিয়ান এমবাপের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
বিজ্ঞাপন
সম্প্রতি পিএসজির ম্যাচে অ্যাঙ্কলের চোটে পড়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। ফলে ফ্রান্সের স্কোয়াডে তিনি অনুপস্থিত। তবে আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টের আগে র্যান্ডাল কোলো মুয়ানিকে ডেকেছেন কোচ, একইসঙ্গে ম্যাগনেস আকলিউচেও জায়গা পেয়েছেন। দেশম জানিয়েছেন, আগামী ১৩ মে প্রকাশ্যে আনবেন ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড। এর আগে ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিল ও ২৯ মার্চ ওয়াশিংটনে কলম্বিয়ার সঙ্গে লড়বে এমবাপের দল।
প্রত্যাশিতভাবেই ফ্রান্সের স্কোয়াডে ফিরেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা উসমান দেম্বেলে। চোটের কারণে ব্যালন ডি’অরজয়ী এই পিএসজি ফরোয়ার্ড গত বছরের শেষ পাঁচটি আন্তর্জাতিক মাচে খেলতে পারেননি। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি এমবাপেও। তিনি আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে ফিরেছেন। ফলে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে তাকে।
বিজ্ঞাপন
কয়েক সপ্তাহের জন্য বারকোলা ছিটকে পড়ায় মূলত সুযোগ পেয়েছেন কোলো মুয়ানি। এর আগে ২০২৫ সালের জুনে শেষবার তিনি জাতীয় দলে খেলেছেন উয়েফা নেশন্স লিগে জার্মানির বিপক্ষে। গত দুই মাসে কেবল একটি গোল করলেও, স্কোয়াডে ঠাঁই হয়েছে মার্কাস থুরামেরও। দেশমের স্কোয়াডে অন্যতম চমক গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র। যদিও পিএসজিতে সম্প্রতি তিনি প্রথম একাদশে জায়গা হারান।
ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচে ফ্রান্সের স্কোয়াড
গোলরক্ষক : লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা
ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো
মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র্যাবিওট, অঁরেলিয়ে শুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড : ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম
এএইচএস