বিজ্ঞাপন

সিঙ্গাপুর প্রবাসীদের টিকিট না পাওয়া নিয়ে জামালের আফসোস

অ+
অ-
সিঙ্গাপুর প্রবাসীদের টিকিট না পাওয়া নিয়ে জামালের আফসোস

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজা-জামালদের খেলা দেখতে সিঙ্গাপুরে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের প্রবাসীরা। তবে ম্যাচের টিকিট পাননি অনেকে। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টিকিট না পাওয়া প্রবাসীদের জন্য আফসোস করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিজ্ঞাপন

অধিনায়ক জামাল ভূইয়া প্রবাসী সমর্থক ও সমর্থন নিয়ে বলেন, ‘আমরা যেখানেই যাই, যেসব দেশে অনেক বাংলাদেশি আছে, সেখানে আমরা প্রায়ই এই ধরনের ভিড় দেখি। আমি মনে করি প্রতিটি ম্যাচই একটি চ্যালেঞ্জ। আমি আগেও বলেছি, যারা টিকিট পায়নি তারা যদি আমাদের খেলা দেখতে পারত, তবে খুব ভালো হতো। কারণ জাতীয় দল তো আর প্রতিদিন সিঙ্গাপুরে আসে না। তারা অবশ্যই আমাদের হৃদয়ে থাকবে এবং আমরা তাদের জন্যও লড়াই করব।’

ভক্তদের বিষয়টি হৃদয় ধারণ করলেও যখন মাঠে নামেন তখন ফুটবলাররা ম্যাচেই মনোযোগ দেন। এ নিয়ে অধিনায়কের বক্তব্য, ‘আপনি যখন ফুটবল খেলেন এবং ম্যাচের ভেতরে থাকেন, সত্যি বলতে তখন আপনি ভক্তদের কথা ভাবেন না। আপনি তখন খেলার ভেতরেই বেশি ডুবে থাকেন। তবে ম্যাচের আগে এবং পরে আপনি ভক্তদের উপস্থিতি উপলব্ধি করেন। তারা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে দেখতে আসে। তাই সেটাকে মূল্যায়ন করা দরকার।’

জয়ের মাধ্যমে এশিয়ান কাপ বাছাইয়ের শেষটা করতে চান বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কোচের সঙ্গে একমত পোষণ করে অধিনায়ক বলেন, ‘কোচ যেমনটা বললেন, আমরা যদি আগামীকাল ৩ পয়েন্ট পাই, তবে ইতিহাস গড়তে পারব। বাংলাদেশ দলের জন্য ৮ পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমার মনে হয় আমরা খুব ভালো পারফর্ম করেছি এবং আগামীকাল আমাদের সামনে আরও একটি কাজ বাকি আছে। আমি মনে করি আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

বিজ্ঞাপন

এজেড/এমএমএম