বিজ্ঞাপন

টিকিট-পার্কিং-যাতায়াত খরচ আকাশচুম্বী, বিশ্বকাপ এখন বিলাসবহুল টুর্নামেন্ট

অ+
অ-
টিকিট-পার্কিং-যাতায়াত খরচ আকাশচুম্বী, বিশ্বকাপ এখন বিলাসবহুল টুর্নামেন্ট

২০২৬ ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, তত খরচের হিসাব বাড়ছে দর্শকদের জন্য। বিশেষ করে যুক্তরাষ্ট্রে সরাসরি মাঠে বসে খেলা দেখতে চাওয়া সমর্থকদের নাভিশ্বাস ওঠার মতো খবর আসছে। একটি ম্যাচ দেখতে গেলে দর্শকদের খরচ হতে পারে ইতিহাসের সর্বোচ্চ অর্থ। অতিরিক্ত টিকিটমূল্য নিয়ে অভিযোগ আগে থেকেই ছিল, এর সঙ্গে গাড়ি পার্কিং, যাতায়াত ব্যয়, ভিসা বন্ডের খরচ বিশ্বকাপকে বিলাসবহুল টুর্নামেন্টে পরিণত করতে যাচ্ছে!

বিজ্ঞাপন

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর বসবে। যেখানে টিকিটের পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচও ভক্তদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের কিছু স্টেডিয়ামে পার্কিং খরচই টিকিটের চেয়েও বেশি। আবার গণপরিবহনে নির্ধারিত ভাড়া বাড়ছে কয়েক গুণ। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে– সোফি স্টেডিয়ামে কার পার্কিংয়ের ভাড়ার টাকায় আইপিএল ফাইনালের ৯টি টিকিট কেনা যাবে!

ফিফা সম্প্রতি বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফাইনালের ক্যাটাগরি-১ টিকিটের দাম এখন ১০৯৯০ ডলার (প্রায় সাড়ে ৪৩ লাখ টাকা), যা আগে ছিল ৮৬৮০ ডলার। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের অন্যান্য ক্যাটাগরির টিকিটের দামও বেড়েছে। ক্যাটাগরি-২ এ ৫২৭০ থেকে বাড়িয়ে ৭৩৮০ ডলার এবং ক্যাটাগরি-৩ এ ৩৯৬০ থেকে বাড়িয়ে ৫৭৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটি গাড়ি পার্কিংয়ের খরচ শুরু হবে ৩০০ ডলার থেকে। যেখানে কিছু ম্যাচের ক্যাটাগরি-৩ টিকিটের দাম ১৪০ ডলার। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ চলাকালে গড় পার্কিং খরচ প্রায় ১৭৫ ডলার। কিছু জায়গায় এটি ২৫০ ডলার পর্যন্ত পৌঁছাবে, আর হিউস্টনে প্রতিটি বড় গাড়ির জন্য ৭০০ ডলার পর্যন্ত পার্কিং খরচ লাগতে পারে।

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

যেসব শহরে গণপরিবহন আছে, সেখানেও খরচ বেড়েছে কয়েক গুণ। বোস্টন শহর থেকে জিলেট স্টেডিয়ামে যেতে ২৭ মাইল ট্রেনযাত্রার ভাড়া এখন ৭৫ ডলার, যা স্বাভাবিক সময়ে ছিল মাত্র ২০ ডলার। এ ছাড়া অতীতের ফুটবল আসরগুলোর মতো (যেমন কাতার ২০২২ বা ইউরো ২০২৪) বিনামূল্যে গণপরিবহনের সুবিধা এবার থাকছে না। এর বাইরে বেশকিছু দেশের দর্শকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ভিসা পেতে ৫০০০ থেকে ১৫০০০ ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হতে পারে। এতে আলজেরিয়া, সেনেগাল, আইভরিকোস্টসহ বেশ কিছু দেশের সমর্থকরা মারাত্মক আর্থিক চাপে পড়তে পারেন।

এই বিশ্বকাপের টিকিটের মূল্য অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের তুলনায় অনেক বেশি। সর্বশেষ ২০২৪ প্যারিস অলিম্পিকে টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল প্রায় ১০৬১ ডলার। একই বছরে হওয়া সর্বশেষ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্যাটাগরি-১ এ টিকিট প্রায় ১,০৮২ ডলার, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচের টিকিট প্রায় ১,১২৮ ডলার এবং ২০২৫ উইম্বলডন ফাইনালে সর্বোচ্চ টিকিট কিনতে প্রায় ৩১৫ ডলার খরচ হয়েছিল।

বিজ্ঞাপন

এএইচএস