বিজ্ঞাপন

সৌদি রেফারিরা চান ‘একজনের’ হাতে শিরোপা উঠুক, তিনি রোনালদো!

অ+
অ-
সৌদি রেফারিরা চান ‘একজনের’ হাতে শিরোপা উঠুক, তিনি রোনালদো!

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে আল নাসরে চুক্তি করে এই রেকর্ড গড়েন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু দলটির সঙ্গে এখনো কোনো লিগ শিরোপা জেতা হয়নি। এবার আল নাসর শিরোপার স্বপ্ন ভালোভাবে দেখছে। তাহলে কি সৌদি প্রো লিগে রোনালদোর শিরোপা খরা কাটছে?

বিজ্ঞাপন

এই প্রশ্ন সময়ের কাছে তোলা থাক। তবে রোনালদোর সঙ্গে পক্ষপাতী আচরণ করছেন সৌদির রেফারিরা, এমন অভিযোগ আল আহলির খেলোয়াড়দের। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান থেকে চার পয়েন্টে পিছিয়ে থাকা দলের ইংলিশ স্ট্রাইকার ইভান টনি প্রশ্ন তুলেছেন রেফারিদের ম্যাচ পরিচালনায় সততা নিয়ে। তারই সতীর্থ গালেনো তো আরও ঠোঁটকাটা–এই প্রতিযোগিতা চাইছে ‘একজনের’ হাতে উঠুক শিরোপা। সেই খেলোয়াড় রোনালদো!

গত বুধবার আল ফায়হার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল আহলি। তাদের খেলোয়াড়দের মতে, অন্তত দুটি পেনাল্টি দেননি রেফারি। তাতে নেমে যেতে হয়েছে তিনে। ম্যাচের পর গালেনো এক্স-এ লিখেছেন, ‘ট্রফি দিয়ে দাও, এটাই তো তারা চায়। তারা যে কোনো উপায়ে আমাদের চ্যাম্পিয়নশিপের বাইরে পাঠাতে চায়, তারা চায় একজন ব্যক্তিকে ট্রফি দিতে, যেটা আমাদের ক্লাবের জন্য অসম্মানের।’

এতে করে সুবিধা কে পাচ্ছেন, টনি আল নাসরের নাম মুখে না আনলেও ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে বললেন, ‘আমরা জানি কে, কাকে আমরা তাড়া করছি?’ ওই ম্যাচে ২৭তম লিগ গোল করে সৌদি প্রো লিগের গোলদাতার তালিকায় শীর্ষস্থান সুসংহত করেছেন টনি। রোনালদো তার চেয়ে চার গোল পেছনে। তারও মত, ভিএআর রিভিউয়ে তাদের পেনাল্টির আপিল নাকচ করে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

টনি বললেন, ‘সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল, দুটি পেনাল্টি। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আমি জানি না আপনারা তাকে দিয়ে কী করাতে চান, দুই হাত দিয়ে বল তুলে নেওয়াতে? তারপরই কি আপনারা পেনাল্টি দেবেন নাকি দেবেন না?’

রেফারির সঙ্গেও কথা হয়েছে টনির, যা তার কাছে বিতর্কিত মনে হয়েছে, ‘আমরা রেফারির সঙ্গে কথা বলেছিলাম, সে আমাদের বলল: এএফসিতে (এশিয়ান ফুটবল কনফেডারেশন চ্যাম্পিয়ন্স লিগ) মনোযোগ দাও। রেফারি কীভাবে এমন কিছু বলতে পারে?’

তিনি বলে গেলেন, ‘আপনি যদি চান আমি আরও গভীরে যাই, আমি যেতে পারি। কিন্তু তাতে আমি বিপদে পড়ে যাব। আমি এমন একজন মানুষ, যে সত্যিটাই বলে। পরিষ্কার ব্যাপার হলো রেফারির মন অন্য কোথাও। এই মৌসুমে এটাই ছিল পরিষ্কার পেনাল্টি। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সময়ে তারা পাল্টে গেল। আমি জানি না কেন?’

বিজ্ঞাপন

আল নাসর ২০১৮-১৯ মৌসুম থেকে লিগ শিরোপা জেতেনি। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা। শনিবার আল ওখদুদের মুখোমুখি হবে রোনালদোর দল।

এফএইচএম/