জার্মানির কাছে প্রীতি ম্যাচে হারার কয়েক ঘণ্টা পর ওটো আডোকে বরখাস্ত করে ঘানা। তারপর দুই সপ্তাহ ধরে চলেছে নতুন কোচের সন্ধান। অভিজ্ঞ একজন কোচকে পেয়ে গেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। কার্লোস কুইরোজকে নিয়োগ দিয়েছে তারা।
বিজ্ঞাপন
সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, পর্তুগাল ও ইরান কোচ আসন্ন বিশ্বকাপে ঘানার ডাগআউটে দাঁড়াবেন। অবিলম্বে কাজ শুরু করেছেন কুইরোজ। আগামী ১৭ জুন এল গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ঘানা খেলবে পানামার বিপক্ষে। পরের দুটি ম্যাচ ২৩ জুন ও ২৭ জুন যথাক্রমে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে।
ফুটবল অ্যাসোসিয়েশনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আপাতত বিশ্বকাপ পর্যন্ত স্বল্প মেয়াদে এই নিয়োগ হয়েছে এবং প্রতিযোগিতা শেষে এটি পুনর্মূল্যায়ন করা হবে। কুইরোজ বলেন, ‘এটা শুধু আরেকটি চাকরি নয়... এটা একটা মিশন। খেলাধুলার স্বার্থে ও মানুষের মুখে হাসি ফোটাতে আমি আবারো আমার সব অভিজ্ঞতা ও জ্ঞান উজাড় করে দিতে প্রস্তুত।’
বিশ্বকাপের ব্যাপক অভিজ্ঞতা নিয়ে ঘানায় যোগ দিচ্ছেন কুইরোজ। পাঁচটি বিশ্বকাপে তিনটি দেশের জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ২০০০ সালে নিয়োগ পেয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০০২ বিশ্বকাপে তোলেন। যদিও দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মতানৈক্যের কারণে টুর্নামেন্টের আগে পদত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
পর্তুগালের সিনিয়র দলকে কোচিং করান ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে দলটির ডাগআউটে ছিলেন তিনি। শেষ ষোলোতে ওঠার আগে গ্রুপ পর্বে উত্তর কোরিয়াকে ৭-০ গোলে জিতেছিল পর্তুগিজরা।
জাতীয় দলের কোচ হিসেবে তার দীর্ঘতম মেয়াদ ছিল ইরানের সঙ্গে, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত। দেশটির ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময়ের কোচ ছিলেন তিনি। তার দল ২০১৪ বিশ্বকাপে উঠেছিল এবং অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। পরে রাশিয়াতেও ইরানকে তোলেন কুইরোজ। ২০১৮ সালের সেই আসরে ইরান পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে এবং অল্পের জন্য স্পেন ও পর্তুগালের গ্রুপ থেকে নকআউট পর্বে উঠতে পারেননি। কাতারে ২০২২ সালে তৃতীয়বার ইরান তার অধীনে বিশ্বকাপে ওঠে। তারা ২-০ গোলে হারায় ওয়েলসকে। কিন্তু ইংল্যান্ডের কাছে ৬-২ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ইরানকে।
ঘানা এনিয়ে পঞ্চম বিশ্বকাপে অংশ নেবে। চারবারের আফকন চ্যাম্পিয়নরা ২০০৬ সালে আভিষেকে শেষ ষোলোতে উঠেছিল। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৪ ও ২০২২ সালে গ্রুপ পর্বে খেলেছিল তারা।
বিজ্ঞাপন
টুর্নামেন্ট শুরুর আগে ঘানা মেক্সিকো ও ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। কুইরোজ এই দুটি ম্যাচে তার স্কোয়াড পরখ করবেন এবং বিশ্বকাপের জন্য কৌশলগত প্রস্তুতি চূড়ান্ত করবেন।
এফএইচএম/
