তোপের মুখে ক্ষমা চাইলেন বেরোবি উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ প্রায় সাড়ে সাত হাজার জনের গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে ইফতার না পেয়ে কয়েক’শ শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাস্থলেই উপাচার্যকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ বলে প্রতিবাদ জানায়। এছাড়াও যারা ইফতার পেয়েছে তারা খাবারের পচা গন্ধ পেয়েছিল বলেও অভিযোগ করেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রত্যাশিত পরিমাণ খাবারের ব্যবস্থা না থাকায় এবং টোকেন থাকা সত্ত্বেও ইফতার না পাওয়ায় একপ্রকার বিড়ম্বনার মধ্যে পড়তে হয় শিক্ষার্থীদের।
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, বিকেল ৪টা থেকেই ইফতার অনুষ্ঠানের জন্য জড়ো হতে থাকেন এবং টোকেন দিয়ে খাবার সংগ্রহ করেন শিক্ষার্থীরা। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায়, অনেক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত ইফতার সামগ্রী নেই। হতাশ হয়ে অনেকেই ইফতার না পেয়ে বেরোবি উপাচার্য ও আয়োজক কমিটির সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে গেলে তিনি ভুল স্বীকার করেন।
এ ঘটনায় শিক্ষার্থীরা বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কার্যালয়ে অভিযোগ নিয়ে একত্র হলে তিনি বলেন, যারা দায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর আমার যদি কোন ভুল থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে।
রিপন শাহরিয়ার/এসএইচএ