বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি সাইদ, সম্পাদক পুলক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ২০২৬ সালের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বেরোবি প্রতিনিধি মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার কামরুজ্জামান পুলক।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার নিচতলায় বেরোবিসাস কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে সাড়ে ১২টা পর্যন্ত। পরে প্রধান নির্বাচন কমিশনার বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এবারের কার্যনির্বাহী কমিটিতে ৯ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৩ জন প্রার্থী।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার মো. ইমন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের আবুল খায়ের জায়ীদ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে সমকাল এর সাজ্জাদুর রহমান, কোষাধ্যক্ষ জাগো নিউজের আজিজুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্ট এর রিপন শাহরিয়ার, দৈনিক খোলা কাগজ পত্রিকার শরিফুল ইসলাম ও দৈনিক পরিবেশ পত্রিকার মাশফিকুল ইসলাম।
রিপন শাহরিয়ার/এসএইচএ