চলন্ত বাসে যৌন হয়রানির শিকার চবি ছাত্রী, অভিযুক্ত আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুতযান পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যায়নরত।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. বাবলু। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বর্তমানে তিনি চট্টগ্রামের ফতেহাবাদ এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইচ্ছাকৃতভাবে ওই শিক্ষার্থীর শরীরে স্পর্শ করার কথা স্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ছাত্রী বাসে চড়ে চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে তার পেছনের সিটে বসা এক ব্যক্তি সিটের ফাঁক দিয়ে তার শরীরে স্পর্শ করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি ঘুমিয়ে ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কিছু করেননি।
পরে এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞাকে জানানো হয়। তাদের পরামর্শে অভিযুক্ত ব্যক্তিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরল হামিদ কানন বলেন, অভিযুক্ত ওই ব্যক্তিকে আমরা হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। প্রাথমিকভাবে অপরাধের কথা তিনি স্বীকার করেছেন।
আতিকুর রহমান/এমএএস