বিজ্ঞাপন

ছয় বছরে এক দিনও ক্লাসে অনুপস্থিত থাকেননি নাজমুল

অ+
অ-
ছয় বছরে এক দিনও ক্লাসে অনুপস্থিত থাকেননি নাজমুল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান ইসহাক টানা ছয় বছরে এক দিনও ক্লাসে অনুপস্থিত না থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ফার্মেসি বিভাগ থেকে অনার্স সম্পন্ন করার পর মাস্টার্স পর্যায়েও শতভাগ উপস্থিতি বজায় রেখেছেন। ফলে বিভাগ থেকে গত ২ এপ্রিল পেয়েছেন সম্মাননা।

বিজ্ঞাপন

কুমিল্লার চান্দিনা উপজেলার কুদুটি গ্রামের বাসিন্দা ইসহাক ছোটবেলা থেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার অভ্যাস গড়ে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাসই তার ব্যক্তিত্বের অংশ হয়ে যায় এবং ধীরে ধীরে এটি একটি দৃঢ় প্রতিশ্রুতিতে পরিণত হয়।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি টানা চার বছর ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ক্লাসের সময়সূচি সমন্বয়, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ এবং অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি গবেষণা, টিউশন এবং অন্যান্য অ্যাকাডেমিক কাজে ব্যস্ত থেকেও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা বজায় রাখেন।

মাস্টার্স পর্যায়ে দীর্ঘ প্রায় তিন মাস শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগার সময়ও তিনি থেমে যাননি জানিয়ে নাজমুল হাসান ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্লাস ও পরীক্ষায় অংশ নিই। এমনকি আমি অসুস্থ অবস্থায়ও নিয়মিতভাবে শহরে গিয়ে চিকিৎসা শেষে আবার ক্যাম্পাসে ফিরে এসেছি।

বিজ্ঞাপন

নাজমুল হাসান বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের কাছ থেকে সরাসরি শেখা একজন শিক্ষার্থীর জ্ঞান ও চিন্তার পরিধি আরও বিস্তৃত করে।

অনিয়মিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছোট ছোট ভালো অভ্যাসই ধীরে ধীরে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। শৃঙ্খলাবদ্ধ ও নিয়মিত থাকাই জীবনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি।

নাজমুল হাসানের এ কাজের প্রশংসা করে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মহি উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা সবসময় বিভাগের শিক্ষার্থীদের ক্লাস করার ক্ষেত্রে উৎসাহ দিয়ে থাকি। কেননা, শিক্ষার্থীরা ক্লাস করলে কোনো না কোনো ক্লাসে তারা কিছু শিখে যাবে। আমরা নাজমুলের এই কাজের জন্য তাকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করেছি। সেইসঙ্গে বাকি শিক্ষার্থীদের নাজমুলকে উদাহরণ হিসেবে নিয়ে ক্লাস করার জন্য উদ্বুদ্ধ করছি।

বিজ্ঞাপন

আতিকুর রহমান/এএমকে