সিরাজগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর আগেই জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শীতের সকাল উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নারী-পুরুষের আলাদা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়।
একই চিত্র দেখা গেছে, সয়াগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে ছেলেদের জন্য দুটি এবং মেয়েদের জন্য দুটি পৃথক লাইনে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা আরও বাড়তে থাকে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়েও রয়েছে ভোটারদের সরব উপস্থিতি৷
ভোটাররা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে তারা আনন্দিত। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নাজমুল হাসান/এসএইচএ