ভোট দিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ উপজেলা কাঁঠালিয়ার একটি ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট দিয়ে নিজের ভেরিফাইড পেইজে ও সাংবাদিকদের ডা. মাহমুদা আলম মিতু জানান, জীবনের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষের মার্কায়, আগ্রাসনবিরোধী মার্কায়, সংস্কারের পক্ষের মার্কা দাঁড়িপাল্লায় দিলাম। আলহামদুলিল্লাহ।
তিনি আরও বলেন, আমার ভোট আমি দিলাম— চাঁদাবাজের বিপক্ষে দিলাম, জুলুমবাজের বিপক্ষে দিলাম, নারীনিপীড়কের বিপক্ষে দিলাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এবং ভোটারদের অংশগ্রহণকেই গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।
এখন পর্যন্ত ঝালকাঠি-১ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উৎসাহের সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায়।
শাহীন আলম/এমআর