নাটোরের ৪টি আসনেই বিজয়ী ধানের শীষ

নাটোরের ৪টি আসনের সবকটিতেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন—নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এ ছাড়া, আরেক প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) তাইফুল ইসলাম টিপু পেয়েছেন ৭৩ হাজার ১৭৩ ভোট।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট।
নাটোর-৩ (সিংড়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জেলা বিএনপির বহিষ্কৃত নেতা (স্বতন্ত্র) দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট। ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন ভোটারের এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ের মালা পরলেন আনু।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।
বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনে এবার মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মূল লড়াই হয়েছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই।
আশিকুর রহমান/এএমকে