ঝালকাঠিতে ইলেন ভুট্টো ২য় বার ও জামাল প্রথমবার নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনেই জয় পেয়েছে বিএনপি। ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম জামাল। আর ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে রাজাপুর–কাঠালিয়াকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জামাল আরও বলেন, “আমরা নতুন পরিবর্তনের দিকে এগোবো, কাউকে বাদ দিয়ে নয়।”
অন্যদিকে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, বিপুল ভোটে জয়ী করায় তিনি ভোটারদের কাছে কৃতজ্ঞ। “আমি সারাজীবন বিনয়ী থাকবো। যারা আমাকে এমপি বানিয়েছেন, সেই ভোটারদের কাছে আমি ঋণী,” বলেন তিনি। তার প্রথম লক্ষ্য উন্নয়ন উল্লেখ করে ইলেন ভুট্টো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম জামাল পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। জামাল ৬ হাজার ৮৯০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬টি এবং ‘না’ ভোট ২৯ হাজার ৫৯১টি।
ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। তিনি ৪৩ হাজার ২৯৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি এবং ‘না’ ভোট ৫৩ হাজার
শাহীন আলম/এসএইচএ