বন্ধুদের সঙ্গে সমুদ্র ভ্রমণে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বী (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, রাব্বীসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে তারা সাতকানিয়া এলাকায় মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ীতে গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম দেখা দেয়। রাব্বী একজন স্বেচ্ছায় রক্তদাতা ছিলেন। বিভিন্ন সময় মানুষের জীবন বাঁচাতে রক্তদান করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাব্বীর এলাকার বড় ভাই উজ্জ্বল বলেন, সে আমাদের খুব কাছের ছোট ভাই ছিল। আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিল। কিছুদিন আগে তার বিয়ে হয়েছে। আল্লাহ একটি কন্যা সন্তান দান করেছেন। গতকাল রাতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়, আর আজ সকালে তার মৃত্যুর খবর পেলাম। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মরদেহ বর্তমানে সাতকানিয়া থানায় রয়েছে এবং মরদেহ হস্তান্তরের বিষয়ে থানার সঙ্গে কথা চলছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেখানকার থানা থেকে এখনো আমাদের কাছে কোনো বার্তা আসেনি। আনুষ্ঠানিক বার্তা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নাইমুর রহমান/আরকে