অননুমোদিত রঙে বেকারি পণ্য, গাইবান্ধায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গাইবান্ধার বিসিক শিল্পনগরীতে খাদ্য উৎপাদনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অননুমোদিত রঙ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সদর উপজেলার ধানঘড়া এলাকায় পরিচালিত এ অভিযানে অংশ নেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারাও।
অভিযান সূত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়নকেন্দ্র (জিইউকে) পরিচালিত ‘সুপার টেস্টি বেকারি’তে বিভিন্ন বেকারি পণ্য তৈরিতে অনুমোদনহীন রঙ ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও প্যাকেটজাত করার দায়ে ‘আকি মুড়ি ফ্যাক্টরি’ নামের আরেক প্রতিষ্ঠানকে একই পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।
গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্যপণ্যে নিম্নমানের উপকরণ ও অননুমোদিত উপাদান ব্যবহারের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এএমকে