সাভারে সওজের জমি দখল করে ফুডকোর্ট, উচ্ছেদে অনীহা

সাভারের বিরুলিয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ ফুডকোর্ট ও দোকানপাট এবং নতুন নতুন স্থাপনা। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি এই জমি দখল করে ব্যবসা পরিচালনা করলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে কর্তৃপক্ষ।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিরুলিয়া ব্রিজ সংলগ্ন সড়ক ঘেঁষে সওজের মালিকানাধীন জায়গায় বাঁশ, টিন এবং পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে একাধিক খাবারের দোকান ও ফুডকোর্ট এবং অবৈধ স্থাপনা। মূলত বিরুলিয়া-সাভার সংযোগ সড়কটিতে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের কারনে রাজধানীর আশপাশের মানুষদের নজর কেড়েছে। এতে ছুটির দিনসহ প্রতিদিনই শত শত দর্শনার্থী এ সড়কে ভিড় করে। এ সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে সড়ক ও জনপথের জমি দখল করে গড়ে তুলেছে অবৈধ দোকান-পাট ও নতুন নতুন স্থাপনা। সেসব দোকানপাট বসিয়ে প্রতিদিন ২’শ থেকে ৩’শ টাকা করে চাঁদা তুলছে প্রভাবশালী মহল।
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, বিরুলিয়া ব্রিজে বিকেল হলেই শত শত মানুষ এখানে ঘুরতে আসে। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রভাবশালী মহল অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিদিন চাঁদা তুলছে। এসব দোকানের সামনে গাড়ি পাকিংয়ের সুব্যবস্থা না থাকায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিরুলিয়া ব্রিজ ফুডকোর্টের এক চায়ের দোকানি বলেন, আমাদের এই ফুটকোর্টের মালিক বিকাশ নামে এক ব্যক্তি। আমরা তাকে প্রতিদিন হিসেবে আড়াই’শ টাকা করে ভাড়া দেই। তবে জমি বিকাশের কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন, জমির বিষয়টি আমরা জানি না।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সড়কে জমিতে যেকোনো স্থাপনা তৈরি অবৈধ। আমরা ওই সড়কটি পরিদর্শন করেছি। সড়কের জমি থেকে যাতে দোকানপাট ও স্থাপনা সড়িয়ে নেন সেজন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া সেসব সড়কের জমিতে অবৈধ স্থাপনা আছে, তা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
লোটন আচার্য্য/আরকে