• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন ময়মনসিংহের জনপ্রিয় স্পটগুলো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিময়মনসিংহ
১৭ মার্চ ২০২৬, ১৯:২২
অ+
অ-
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন ময়মনসিংহের জনপ্রিয় স্পটগুলো

ঈদের ছুটি এলেই মনটা যেন একটু অন্যরকম হয়ে ওঠে ব্যস্ততা ছেড়ে কাছের মানুষদের সঙ্গে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে। কিন্তু সময় আর দূরত্বের সীমাবদ্ধতায় অনেকেই দূরের গন্তব্য এড়িয়ে চলেন। তাদের জন্যই উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শহর ময়মনসিংহ হতে পারে একদম পারফেক্ট একটি ঈদ ভ্রমণ গন্তব্য।

বিজ্ঞাপন

ব্রহ্মপুত্র নদের শান্ত স্রোত, জমিদার আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য, সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর আধুনিক বিনোদনের ছোঁয়া সব মিলিয়ে এই শহর যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। খুব অল্প সময়েই শহরের ভেতর ও আশপাশে ঘুরে দেখা যায় অসংখ্য দর্শনীয় স্থান, যা একদিনের ছোট্ট ভ্রমণকেও করে তুলতে পারে স্মরণীয়।

তাই এবারের ঈদের ছুটিতে চাইলে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে নিতে পারেন ময়মনসিংহ ভ্রমণের। যেখানে কম সময়, কম খরচে মিলবে পূর্ণাঙ্গ আনন্দ আর প্রশান্তির এক অনন্য অভিজ্ঞতা।

ময়মনসিংহ শহরের অন্যতম আকর্ষণ শশী লজ। উনবিংশ শতকে মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরীর নির্মিত এই প্রাসাদটি দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর জন্য পরিচিত। বিশাল গম্বুজ, নান্দনিক বাগান, মার্বেল পাথরের ঘাট এবং শ্বেতপাথরের ভাস্কর্য সব মিলিয়ে এটি এক সময়ের জমিদারি আভিজাত্যের সাক্ষী। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত।

বিজ্ঞাপন

শহরের বাইরে মুক্তাগাছা উপজেলায় জমিদার বাড়ি, ঈশ্বরগঞ্জে আঠারবাড়ি ও গৌরীপুরে রামগোপালপুর জমিদার বাড়ি ঘুরে দেখা যায়, প্রাচীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ছাপ। বিশাল আঙ্গিনা, দরবার হল ও মন্দির স্থাপনা এখনও সেই সময়ের ঐতিহ্য বহন করছে।

ময়মনসিংহের প্রাণ ব্রহ্মপুত্র নদ। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদী শুধু ভৌগোলিক গুরুত্বেই নয়, সৌন্দর্যেও অনন্য। বিকেলের মৃদু বাতাস, নদীর ঢেউ আর নৌকার চলাচল সব মিলিয়ে এখানে সময় কাটানো হয়ে ওঠে প্রশান্তির।

নদীর তীরজুড়ে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক, যেখানে রয়েছে ফোয়ারা, দোলনা, নৌবিহার এবং বিভিন্ন বিনোদন ব্যবস্থা। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি অন্যতম জনপ্রিয় স্থান।

বিজ্ঞাপন

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ জয়নুল আবেদীন-এর স্মৃতিবিজড়িত শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখানে তার আঁকা দুর্ভিক্ষের চিত্রসহ অসংখ্য মূল্যবান শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে, যা শিল্পপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল বা ‘লোহার কুঠি’ তার নির্মাণশৈলীর জন্য আলাদা করে নজর কাড়ে। কাঠ ও লোহার সমন্বয়ে নির্মিত এই ভবন একসময় ব্রিটিশ আমলের প্রশাসনিক গুরুত্ব বহন করত। এখানে লর্ড কার্জন, রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বের আগমন ঘটেছিল।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন কৃষিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ১২০০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে রয়েছে লেক, বোটানিক্যাল গার্ডেন, ফসলের মাঠ ও গবেষণা কেন্দ্র। প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলি সময় কাটাতে এটি একটি আদর্শ স্থান।

জেলার ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান সবুজ বনাঞ্চল আর পাহাড়ি পরিবেশের জন্য পরিচিত। এখানে শাল-গজারি বনের পাশাপাশি দেখা মেলে বানরের দল, যা ভ্রমণে বাড়তি আকর্ষণ যোগ করে।

ভালুকা উপজেলায় রয়েছে দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামার রেপটাইলস ফার্ম লিমিটেড। প্রায় আড়াই হাজারের বেশি কুমির নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র। কাছেই গ্রিন অরণ্য পার্ক, যেখানে কৃত্রিম লেক, বোট রাইড, কিডস জোন ও রিসোর্ট সুবিধা পরিবারসহ ভ্রমণকে করে তোলে আনন্দময়।

শহর থেকে অল্প দূরেই ময়না দ্বীপ। ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা এই চরটি নিরিবিলি পরিবেশ, পাখির ডাক আর মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য বিশেষভাবে জনপ্রিয়।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং নজরুল স্মৃতিকেন্দ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য স্থান। এখানে তার ব্যবহৃত সামগ্রী, পাণ্ডুলিপি ও স্মারক সংরক্ষিত রয়েছে।

ময়মনসিংহের সবচেয়ে বড় সুবিধা হলো এর সহজ যোগাযোগ ব্যবস্থা। শহরের ভেতরে রিকশা ও অটোরিকশায় সহজেই এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়। আর দূরের দর্শনীয় স্থানগুলোতে যেতে বাস ও সিএনজি রয়েছে সহজলভ্য।

সব মিলিয়ে, ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি আর বিনোদনের সমন্বয়ে ময়মনসিংহ এক অনন্য ভ্রমণ গন্তব্য। এই ঈদে কম খরচে, স্বল্প সময়ে একটি পূর্ণাঙ্গ ও উপভোগ্য ভ্রমণের জন্য ময়মনসিংহ হতে পারে আপনার সেরা পছন্দ।

এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পর্যটনপর্যটন শিল্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কম খরচে পারফেক্ট ঈদ ট্যুর—গাজীপুরের ৫ স্পটেই মিলবে সব আনন্দ

কম খরচে পারফেক্ট ঈদ ট্যুর—গাজীপুরের ৫ স্পটেই মিলবে সব আনন্দ

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন জামালপুরের সেরা দর্শনীয় স্থান

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন জামালপুরের সেরা দর্শনীয় স্থান

ঈদের ছুটি কাটান কোলাহল ছেড়ে সবুজ-নির্মল রাজশাহীতে

ঈদের ছুটি কাটান কোলাহল ছেড়ে সবুজ-নির্মল রাজশাহীতে

নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর সেরা ৫ স্থান

নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর সেরা ৫ স্থান