সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সরিয়ে দিলো পুলিশ

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক আছে।
বিজ্ঞাপন
শ্রমিকরা জানান, স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরতদের বেতন ও বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ বেতন ও বোনাস পরিশোধ করেনি। এতে কুরিয়ার সার্ভিসের কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। এসময় দ্রুত বকেয়া বেতন ও বোনাস পরিশোদের দাবি জানান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী। ঢাকা পোস্টকে তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রমিকদের বুঝিয়ে রাত ১০ টা ১৫ মিনিটের দিকে সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এমটিআই