বিজ্ঞাপন

হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ৭ দিনের আল্টিমেটাম এমপির

অ+
অ-
হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ৭ দিনের আল্টিমেটাম এমপির

সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) দুপুরে সাভারের আমিনবাজারে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধনে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি এই আল্টিমেটাম দেন।

এক সপ্তাহের মধ্যে হাসপাতালের সব কার্যক্রম সচল রাখার নির্দেশ দিয়ে আমান উল্লাহ আমান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু করতে হবে। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। কোনো ধরনের নমনীয়তা নাই, জনগণের স্বার্থে সেবা দিতে হবে। চালু করার জন্য যা যা করা দরকার তা আপনারা করেন, অন্যথায় নিজের ইচ্ছায় আপনারা এখান থেকে সরে যান।

এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের উদ্দেশে বলেন, এখানে আউটডোর চালু নাই। হাসপাতাল চালু রাখেন এবং প্রতিদিন যাতে রোগী এসে এখানে সেবাটা পায়। ডাক্তারদের একটি কথায় রোগী ভালো হয়ে যায়। আমরা ডাক্তারদের সেই সেবা চাচ্ছি। আমিনবাজার অত্যন্ত জনবহুল একটি অঞ্চল। এই এলাকার মানুষ সেবা পেতে চায়। এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, দয়া করে জনগণদের জন্য চিকিৎসাব্যবস্থা আপনারা নিশ্চিত করুন। 

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে সাভারের আমিনবাজারে ২০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি। তবে রাতারাতি কোনো কিছুই সম্ভব নয়, তবে সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি তার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতারও আশ্বাস দেন।

এ দিন উপস্থিত ছিলেন ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা কবীর, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা।

লোটন আচার্য্য/এএমকে

বিজ্ঞাপন