জেল হাজতে আটক শ্রমিকদের সোমবারের মধ্যে মুক্তি দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১২ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। রোববার (২৯ মার্চ) রাত ৮টার পর থেকে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
এর আগে, সন্ধ্যা ৬টার দিকে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ হুসাইন রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের এক ফলপ্রসূ আলোচনা হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু ও পুলিশ প্রশাসনের পক্ষে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
আলোচনা সভায় পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় এর প্রতিবাদ ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। এতে করে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ থাকে। এ সময় ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতি বাস্তবায়নে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেন। তাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পাকি) থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। নীলফামারী জেলা শহরের জেল রোড এলাকায় তেলবাহী লরীতে যান্ত্রিকত্রুটি দেখা দেয়। গাড়ির কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ এবং তার সহকারী (হেলপার) ইশতিয়াক ওরফে রিফাত গাড়ি মেরামতের কাজ করছিল।
এ সময় নীলফামারী জেলার এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাহী লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরী সার্চ করে লরির কেবিনে থাকা দুটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানি তেল পান। ১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেন।
বিজ্ঞাপন
পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, শ্রমিকরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেছে। রাত ৮টা থেকে উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরোদমে পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর কার্যক্রম শুরু হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
