বিজ্ঞাপন

মুদি দোকানে ৩০০ টাকা লিটারে অকটেন বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা

অ+
অ-
মুদি দোকানে ৩০০ টাকা লিটারে অকটেন বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে অবৈধভাবে অকটেন সংগ্রহ করে প্রতি লিটার ৩০০ টাকা দরে মুদি দোকানে বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার ১নং বেড়াডাঙ্গা চরকেষ্টপুর এলাকায় মেসার্স জমশেদ স্টোরে এই অভিযান চালানো হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু বকর সিদ্দিক।

জানা গেছে, রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গা চরকেষ্টপুর এলাকার মুদি দোকান মেসার্স জমশেদ স্টোরের মালিক বিভিন্ন প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে অকটেন ও পেট্রোল ক্রয় করে তা মজুত করেন। পরবর্তীতে এই তেল গ্রাহকদের কাছে ৩০০ টাকা লিটার বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় মেসার্স জমশেদ স্টোরের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারি বিধি লংঙ্ঘন করে তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাকে সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন, পেশকার মোহাম্মদ আতিয়ার রহমানসহ আনসার বাহিনীর সদস্যরা।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে