বিজ্ঞাপন

সিরাজগঞ্জে নিরাপত্তাহীনতায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

অ+
অ-
সিরাজগঞ্জে নিরাপত্তাহীনতায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও নারী ইন্টার্ন হোস্টেলে বখাটে অনুপ্রবেশের প্রতিবাদে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় জেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তামিম হাবিব হিমেল বলেন, হাসপাতালে কর্তব্যরত একজন ইন্টার্ন চিকিৎসকের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। একটি চিকিৎসা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন একইসঙ্গে হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। বর্তমানে হাসপাতালের ভেতরে প্রবেশ ও প্রস্থানে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় সহজেই বহিরাগতরা প্রবেশ করতে পারছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, এই মেডিকেলে প্রতিবছর ৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকলেও বর্তমানে ১০০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। ফলে, হোস্টেলে জায়গা না পেয়ে নারী শিক্ষার্থীরা গণরুমে থাকছে। সেখানেও কোনো পাহাড়াদার না থাকায় প্রায়শ বহিরাগতরা প্রবেশ করে উশৃংখল আচরণ করে বলে অভিযোগ করছে আন্দোলনকারীরা।
 
ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এসময় উপস্থিত ছিলেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. মশিউর রহমান, কোষাধ্যক্ষ ডা. বুলবুল আহমেদ, ডা. ইউসুফ আলী, ডা. আসিফ, ডা. হাবিবুর রহমান, ডা. গোলাম মর্তুজা, ডা. শাহরিয়া সিদ্দিক ও ডা. আনিকা তাবাসসুমসহ অন্যান্য শিক্ষার্থীরা।

নাজমুল হাসান/এমএএস

বিজ্ঞাপন