পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান ও প্রাণের উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, সাংক্রান ও বিহু। তিন পার্বত্য জেলায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠী নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী এ উৎসব উদযাপন করে থাকে। চাকমা সম্প্রদায়-বিজু, ত্রিপুরা-বৈসুক, মারমা -সাংগ্রাই’, তঞ্চঙ্গ্যা -বিষু এবং অসমিয়া সম্প্রদায় বিহু নামে এ উৎসব পালন করে।
বিজ্ঞাপন
এ উৎসবকে ঘিরে সবুজ পাহাড়জুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। নানা আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও ঐতিহ্যবাহী কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় এ উৎসব। আগামী ১২ এপ্রিল থেকে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও রাঙামাটিতে ৫ দিনব্যাপী মেলা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (৬ এপ্রিল) রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ৫ দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা, বাঁশ গরম দিয়ে হাঁটা, বেইন বুনন, ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য, পাজন রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শতাধিক দোকানও বসেছে যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও বিশ্বাস ধারণ করে যুগ যুগ ধরে নানা উৎসব উদযাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান উৎসব বিজু, বিষু, বৈসু, সাংগ্রাই প্রতিটি নিজস্ব নাম রীতি ও ঐতিহ্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়। এসব উৎসব পারস্পরিক সম্প্রতি, শ্রদ্ধা ও সৌহার্দ্যের বার্তা বহন করে। তাই সম্মান, ভালোবাসা ও সহাবস্থানের মনোভাব নিয়ে সবাইকে এসব উৎসব উদযাপন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, , , জেলা প্রশাসক নাজমা মাশরাফি ও পুলিশ সুপার মো. আব্দুর রকিব।
আরএআর
