ভোলা থেকে নদীপথে ট্রলারযোগে পাচারের সময় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেলসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটকিমারা চর এলাকা থেকে এসব তেল আটকের পর জব্দ করা হয়।
আটককৃত পাচারকারীরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের আব্দুল জব্বার মিয়াজির ছেলে মো. মামুন মিয়াজি।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিক্তিতে কোস্টগার্ডের ভোলা বেসই কর্তৃক চটকিমারা চর-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে একটি স্টিল বডি বোটযোগে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ মামুন মিয়াজিকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
জব্দকৃত তেল ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয় এবং আটককৃত ব্যক্তির থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া, তেল বিক্রি ও জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
মো. খাইরুল ইসলাম/এএমকে
