রাজবাড়ী জেলার পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের মো. আজাদ মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (২১), মৃত মুকুর আলী মণ্ডলের ছেলে মো. আনিচ মণ্ডল (২৫), মো. রাজিম উদ্দিন শেখের ছেলে শামীম শেখ (১৯), মিন্টু মণ্ডলের ছেলে মো. মিরাজুল ইসলাম (৩২), ও মো. লুৎফর সরদারের ছেলে শাওন সরদার (২১)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পাংশা থানার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে খালের পাড়ে কতিপয় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সমবেত হয়ে শরিষা ইউনিয়ন এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এছাড়াও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১১/১২ জন ডাকাত দলের সদস্যরা পালিয় যান।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতকদের বিরুদ্ধে বিরুদ্ধে পাংশা মডেল থানায় প্যানাল কোডের ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএন
