চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় একই উপসর্গ নিয়ে মারা গেল তিন শিশু। সবশেষ মারা যাওয়া শিশুটি নোয়াখালীর বাসিন্দা ছিল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০২ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সবশেষ মারা যাওয়া শিশুটি চট্টগ্রামের বেসরকারি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত সোমবার তার মৃত্যু হলেও বিষয়টি আজ নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, তবে এখনো ফলাফল পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। তার আগের দিন মঙ্গলবার একই হাসপাতালে মারা যায় আরও এক শিশু। ছয় মাস বয়সী ওই শিশুটিও কক্সবাজারের বাসিন্দা ছিল।
বিজ্ঞাপন
এদিকে জেলায় হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) এক দিনেই চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে।
সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট আট শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ছয়জন নগরের এবং দুজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।
আরএমএন/বিআরইউ
