চট্টগ্রাম নগরের সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন আজ (বৃহস্পতিবার) এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
এদিন নগর ভবনে হালিশহর আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মেয়র এসব কথা বলেন।
এ সময় সংগঠনের নেতারা মেয়রের কাছে প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং ১০ নম্বর থেকে ১৪ নম্বর লেন পর্যন্ত সড়ক উন্নয়নের বিষয়ে একটি লিখিত আবেদন হস্তান্তর করেন।
পরিষদ নেতাদের আশ্বস্ত করে ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট টিম নিয়মিতভাবে নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। হালিশহর আই-ব্লক এলাকাতেও দ্রুত ম্যাজিস্ট্রেট পাঠানো হবে। তবে অবৈধ দখল উচ্ছেদের পর তা যেন পুনরায় বেদখল না হয়, সে বিষয়ে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বিজ্ঞাপন
নগরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে চসিক মেয়র আরও বলেন, নগরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে আধুনিক আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ, নতুন মার্কেট উন্নয়ন এবং সড়ক আলোকায়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি বাসযোগ্য ও সুন্দর নগর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এমআর/বিআরইউ
