কুয়েত ও সৌদিতে মিসাইল ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি দুই দেশের

সৌদি আরব ও কুয়েতকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। শুক্রবার মধ্যরাতের পর এসব মিসাইল নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি আরব কুয়েত উভয় দেশ জানিয়েছে, তারা হামলা প্রতিহত করেছে।
সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে মিসাইলগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।
অপরদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় একটি ইরানি মিসাইল প্রবেশ করেছিল। কিন্তু এটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ একটি জায়গায় পড়েছে উল্লেখ করে দেশটি বলেছে, সেখানে খুব অল্প ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, কুয়েতে নিজেদের দূতাবাস খালি করে ফেলবে যুক্তরাষ্ট্র।
সূত্র: আলজাজিরা, রয়টার্স
এমটিআই