ইরান যুদ্ধে প্রথম ছয় দিনে ‘পাঁচ পদ্মা সেতুর’ সমান অর্থ খরচ মার্কিনিদের

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে শুধুমাত্র প্রথম ছয়দিনেই ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইনপ্রণেতাদের এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানিয়েছেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার কংগ্রেসের আইনপ্রনেতাদের যুদ্ধের খরচ সম্পর্কে জানানো হয়।
তবে এই খরচের মধ্যে আরও অনেক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। যারমধ্যে আছে মধ্যপ্রাচ্যে সেনা ও যুদ্ধ সরঞ্জাম জড়ো করার বিষয়টি। মানে মোট খরচ আরও অনেক বেশি।
১১ দশমিক ৩ বিলিয়ন ডলার বাংলাদেশি অর্থে ১ লাখ ৩৮ হাজার কোটি টাকার সমান। সরকারি হিসেব অনুযায়ী, বাংলাদেশের পদ্মাসেতু তৈরিতে খরচ হয়েছিল ৩০ হাজার কোটি টাকা। যার অর্থ যুদ্ধের প্রথম ছয় দিনেই পাঁচটি পদ্মা সেতু বানানোর সমপরিমাণ টাকা খরচ করে ফেলেছে যুক্তরাষ্ট্র।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার প্রথম দুই দিনে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্র। ওই সময় এজিএম-১৫৪ এর মতো গ্লিড বোমা ব্যবহার করা হয়। যেগুলোর একেকটির দাম ৫ লাখ ৭৮ হাজার ডলার থেকে ৮ লাখ ৩৬ হাজার ডলার।
দুইদিন পর থেকে তুলনামূলক কম দামের অস্ত্র ব্যবহার শুরু করে মার্কিন বাহিনী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান।
সূত্র: নিউইয়র্ক টাইমস, আনাদোলু
এমটিআই