ইরানের রাজধানী তেহরানের একটি শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত তেহরানের চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা চালানো হয়েছে। হামলায় প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেহরানের ওই শতবর্ষী প্রতিষ্ঠানকে ‘বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ’ হিসেবে অভিহিত করে কেরমানপুর বলেছেন, এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
— Hossein.Kermanpour (@HKermanpour) April 2, 2026
বিজ্ঞাপন
হামলা ক্ষতিগ্রস্ত ওই চিকিৎসা কেন্দ্রের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়, ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং এর কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেছেন, পাস্তুর ইনস্টিটিউটে এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।
হোসেন কেরমানপুর বলেন, এই ইনস্টিটিউটটি বিশ্ব স্বাস্থ্যের শতবর্ষী এক স্তম্ভ এবং আন্তর্জাতিক পাস্তুর নেটওয়ার্কের সদস্য। তিনি বলেন, পাস্তুর ইনস্টিটিউট অব ইরানের ওপর এই আগ্রাসন জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।
বিজ্ঞাপন
এর আগে কিছু দেশের রপ্তানি-নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ তালিকায় এই ইনস্টিটিউটটির নাম এসেছিল। গণবিধ্বংসী অস্ত্র সংশ্লিষ্ট কেনাকাটার আশঙ্কায় প্রতিষ্ঠানটিকে নিয়ে কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছিল।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, আল জাজিরা।
এসএস
