ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

অনলাইনে বিমানের টিকেট বিক্রি ও বুকিংয়ের টাকা অগ্রিম গ্রহণ করে গ্রাহকদের টিকেট না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ থাকায় অনলাইন টিকেট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের নামে থাকা ২০ টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সিআইডির পক্ষে উপ-পুলিশ পরিদর্শক মো. জহির রায়হান এ আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, অনলাইন টিকেট বুকিং প্রতিষ্ঠান এফইবিডি লি. (ফ্ল্যাইট এক্সপার্ট) বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বিমানের টিকেট বিক্রয় ও বুকিং এর অর্থ এই ব্যাংক হিসাব গুলোতে অগ্রিম গ্রহণ করে গ্রাহকদের টিকেট প্রদান না করে সেই অর্থ প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করে গত বছরের ২ আগস্ট এফইবিডি লি: (ফ্ল্যাইট এক্সপার্ট) এর চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম তার বর্তমান অফিস বন্ধ করে কানাডা পালিয়ে যায়।
হিসাবগুলো পর্যালোচনায় দেখা যায় বিভিন্ন গ্রাহক এবং সাব এজেন্সী বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের টাকা জমা প্রদান করেছেন। প্রতারণা মানিলন্ডারিং প্রতিরোধ আইন মতে সম্পৃক্ত অপরাধ। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর বিধান মোতাবেক হিসাবগুলো ফ্রিজ করা একান্ত প্রয়োজন। অন্যথায় হিসাবগুলোতে স্থিতি অর্থ অন্যত্র হস্তান্তর/বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে।
সিআইডির তথ্য অনুসারে এসব হিসাবে বর্তমান স্থিতি চার কোটি দশ লক্ষ নয়শত ছেচল্লিশ দশমিক বায়ান্ন টাকা।
বিজ্ঞাপন
এনআর/এমএসএ