বাড়ছে নির্বাচনী হিংস্রতা প্রাণহানি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সংস্কারের উদ্যোগে বাধা ‘ডিপ স্টেট’
সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা দরকার মনে করেন দেশের ৫১ শতাংশ মানুষ। কিন্তু গত দেড় বছরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও ‘ডিপ স্টেট’ ও আমলাতন্ত্রের প্রতিরোধের মুখে পিছিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। আসন্ন নির্বাচনের পর আমলাতন্ত্র তাদের ক্ষমতা প্রয়োগ করে সংস্কারের প্রক্রিয়া থামিয়ে দিতে পারে।
বণিক বার্তা
সন্ত্রাসবাদের স্ফীতির মুখে আবারো বাংলাদেশ
চট্টগ্রাম আদালতের এজলাসে ২০০৫ সালের ৩ অক্টোবর বোমা হামলা করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হন নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে থাকা আব্দুল মালেক। তার সঙ্গে এ মামলায় আরো আসামি হন তৎকালিন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানসহ সাতজন। বিচার শেষে আব্দুল মালেকসহ তিনজনের ১৪ বছরের সাজা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে কারাগার থেকে পালিয়ে যান আব্দুল মালেক। এখনো তার খোঁজ পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রথম আলো
ছাত্রদলের সাবেক শীর্ষ সাত নেতা এবার প্রার্থী
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক ছিলেন, এমন সাতজনকে এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করেছে বিএনপি। তাঁদের মধ্যে ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পাঁচজন। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুজন।
কালের কণ্ঠ
সাম্রাজ্যবাদ দিয়ে ধর্মীয় ফ্যাসিবাদ মোকাবেলা করা যাবে না
পুঁজিবাদী ব্যবস্থা মানুষের প্রগতিশীলতাকে ব্যাহত করছে, বিকশিত করছে প্রতিক্রিয়াশীলতাকে। সাম্রাজ্যবাদের সহযোগিতা নিয়ে ধর্মীয় ফ্যাসিবাদ ও মৌলবাদকে মোকাবেলা করা যাবে না। সমাজে বৈষম্য দূর করতে ব্যক্তিমালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য প্রয়োজন সামাজিক বিপ্লব।
সমকাল
ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ব্যালট ভোট ছাড়াই ফেরত এসেছে। শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট-সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট ভোটারের হাতে পৌঁছেছে। ভোটাররা ৪ লাখ ৫৪ হাজার ৮৭২টি ব্যালটে ভোট দিয়েছেন। পরে সেগুলো থেকে ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ব্যালট ডাকযোগে ফেরত এসেছে।
বিবিসি বাংলা
জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি
তারেক রহমানের পর তার কন্যা জাইমা রহমান এখন বিশেষ মনোযোগ পাচ্ছেন বিএনপিতে এবং দলটির পক্ষ থেকে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।
দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতরে ও বাইরে জাইমা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ কিংবা কৌতূহলও তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি।
সমকাল
প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, জুলাই হত্যার বিচার ও নির্বাচন– এই তিন গুরুদায়িত্ব পালনের ঘোষণা দিলেও গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার বিশেষ মনোযোগ দিয়েছে প্রতিরক্ষা খাতের কেনাকাটায়। এর মধ্যে ভূরাজনৈতিকভাবে কৌশলগত নানা সমঝোতা, চুক্তি এবং আলোচনা উল্লেখযোগ্য।
বিবিসি বাংলা
তরুণ ভোট কোন বাক্সে, বিএনপি-জামায়াতের নানা কৌশল আর প্রতিশ্রুতি
বাংলাদেশে এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশই তরুণ। জয়-পরাজয়ে তাদের ভোট একটা বড় ফ্যাক্টর বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতে ইসলামীরও নজর তরুণদের ভোটে। সেই ভোট নিজেদের বাক্সে ফেলতে নানা কৌশল নিয়ে মাঠে নেমেছে দলগুলো।
সমকাল
ধান-চাল সংগ্রহে প্রতি কেজিতে ১ টাকা ঘুষ
আমন সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে খুলনা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে। বিভাগের ১০ জেলার মিল মালিক ও খাদ্য কর্মকর্তাদের জিম্মি করে আদায় করা হচ্ছে কোটি কোটি টাকা। বিশেষ করে অতিরিক্ত বরাদ্দের ধান ও চাল কেনায় ৩০ পয়সা থেকে ১ টাকা করে দিতে বাধ্য হচ্ছেন মিলার ও গুদাম কর্মকর্তারা। এ নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে খাদ্য বিভাগের কর্মকর্তাদের মাঝে।
আজকের পত্রিকা
নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে ঘায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ পেরোতেই মাঠের রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে। ভোটের যুদ্ধে সক্রিয় দুই শীর্ষ দল বিএনপি ও জামায়াতে ইসলামী উভয়ের প্রচারণায় তা স্পষ্ট।
কালের কণ্ঠ
এক কোটি কর্মসংস্থান সৃষ্টি ও চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে ১৬ বছর বয়সে ভোটাধিকার, আগামী পাঁচ বছরে দেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি বন্ধ করা, এককালীন তহবিল দিয়ে মেধাবীদের দেশে ফেরানোর মতো প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
আজকের পত্রিকা
বেনাপোল বন্দর: এক বছরে যাত্রীসংখ্যা কমেছে সাড়ে ১৩ লাখ
বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি। চিকিৎসা, ব্যবসা ও উচ্চশিক্ষার জন্য ভারতমুখী বাংলাদেশিদের যাতায়াত হঠাৎ কমে যাওয়ায় ভ্রমণ খাতের পাশাপাশি দুই দেশের রাজস্ব আয়েও ধাক্কা লেগেছে।
কালের কণ্ঠ
বাড়ছে নির্বাচনী হিংস্রতা প্রাণহানি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সহিংসতা বাড়ছে। এতে প্রাণহানিও বেড়েছে। খুনাখুনির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকে আরো দায়িত্বশীল ও তৎপর হতে হবে।
বণিক বার্তা
আড়ালেই থাকল আমলাতন্ত্রের ‘নেকেড অফিশিয়াল’
আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি ছিলেন প্রশাসনের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা। সরকারি দায়িত্বে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। সেখানে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদও গড়ে তোলেন। আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় প্রভাবশালী আমলাদের একটি অংশ যে ভূমিকা রাখে, কায়কাউস তাদের মধ্যে অন্যতম।
দেশ রূপান্তর
জাতীয় নির্বাচনে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ এগিয়ে
নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকি। এই সময়ে এসেও বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী এবার দলটির সামনে বড় প্রতিদ্বন্দ্বী। তবে সাম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘ইনোভেশন কনসালটিংয়ের’ জরিপে বিএনপিকে ক্ষমতার কাছাকাছি পৌঁছে দিয়েছে। প্রতিষ্ঠানটির জরিপে উঠে এসেছে, দেশের ৪৭ শতাংশের বেশি মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছেন। তবে গণভোটে হ্যাঁ-এর পক্ষে নতুন বিপ্লব ঘটাবে বলে জরিপে উঠে এসেছে। দেশের ৬০ শতাংশ মানুষ হ্যাঁ-এর পক্ষে মতামত দিয়েছে। তারা দেশে পরিবর্তন দেখতে চান।
বণিক বার্তা
নির্বাচন দেখতে আসছেন ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ পর্যবেক্ষক আসছেন। দ্বিপক্ষীয় এ পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনবিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষকও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রথম আলো
বিনিয়োগ কম, আশিক চৌধুরীর চমক কোথায়
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনায় প্রতিযোগী দেশগুলোর থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) শীর্ষ পদের জন্য সিঙ্গাপুর থেকে তরুণ ব্যাংকার আশিক চৌধুরীকে উড়িয়ে এনে চমক দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে অন্য ক্ষেত্রে চমক দেখালেও গত ১৬ মাসে বিদেশি বিনিয়োগ আনায় চমক দেখাতে পারেননি আশিক চৌধুরী।
দেশ রূপান্তর
ভোটের প্রচারে নারীর চমক
সুলতানার মতো মাথায় মুকুট আর লাল শাড়ি পরে ভোট চাইছেন আলোচিত নারী সংসদ সদস্য পদপ্রার্থী মেঘনা আলম। ঢাকা-৮ আসনে হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের মতো বর্ষীয়ান রাজনীতিক এবং নবীন ও তরুণ প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে পাল্লা দিয়ে তিনি ভোটের প্রচার চালাচ্ছেন। ফেসবুক ওয়ালে নানা ফটোকার্ডেও মেঘনার সরব উপস্থিতি।
কালবেলা
নির্বাচনে সরগরম দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র ১১ দিন। প্রথমে শঙ্কা থাকলেও তপশিল ঘোষণার পরপরই পাল্টে যায় সারা দেশের নির্বাচনী চিত্র। শহর থেকে গ্রাম সবখানেই লেগেছে প্রচারের রং। টানা গণসংযোগে ব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যেন দম ফেলারও ফুরসত নেই তাদের। চলছে রাস্তায় রাস্তায় মাইকিং, পাড়া-মহল্লায় হচ্ছে জনসভা ও উঠান বৈঠক।
