লাইভত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : কোথায় কখন কী হচ্ছে
ঢাকা পোস্ট ডেস্ক
অ+
অ-
রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর অপেক্ষার অবসান, ভোটের মাঠে বাংলাদেশ। ভোটাধিকারবঞ্চিত কোটি মানুষের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’। আগামীর বাংলাদেশ কেমন হবে— তা ব্যালটের মাধ্যমে নির্ধারণ করছে গোটা জাতি। এই ভোটের সব খবরের লাইভ আপডেট—
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আল হাবিবের সমর্থকরা জোর করে ব্যালটে সিল মারার পায়তারা করেছে। • জোর করে সিল মারার পায়তারা করেছে : রুমিন ফারহানা
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ১০টা ১০ মিনিটে ভোট দিতে আসেন প্রধান উপদেষ্টা। এরপর ভোটদান শেষে ১০টা ৩৯ মিনিটে তিনি কেন্দ্র থেকে বেরিয়ে যান।
রাজধানীর দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৫১৯ ভোট পড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এই ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত বেগম ও বড় মেয়ে সামারুহ মির্জা ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এ ধরনের একটি দিনের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। গত ১৬ বছর দেশের মানুষ আনন্দ থেকে বঞ্চিত ছিল। মানুষের যে মুক্তির লড়াই, তা আজ প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবায়িত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, জয়-পরাজয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমাদের প্রত্যাশা-রাজশাহীর ছয়টিসহ বিভাগের ৩৯ টি আসনেই বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে। • জয়-পরাজয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত: মিনু
ভোটের লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ভোট না দিয়েই অনেককে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। তার দাবি– প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল থাকায় অনেক ভোটার নাম খুঁজে পাচ্ছেন না। এতে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
চট্টগ্রাম-১৪ আসনের একটি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। ভোট প্রদান শেষে তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামীতে ১১-দলীয় ঐক্যজোট সরকার গঠন করবে।’ চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি।
ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল সাড়ে ৯টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে যান বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলাকালে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রর মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টরা ধানের শীষ প্রতীক ও তারেক রহমানের ছবিসম্বলিত পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বুথে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৮ আসনের এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিতে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে আসেন তিনি। তারেক রহমানের ভোটকেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর আগেই জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শীতের সকাল উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছেন।
ভোটের লড়াইয়ে হার-জিত থাকবেই, কিন্তু তা যেন কোনোভাবেই হানাহানির পর্যায়ে না পৌঁছায়– এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন। উত্তরার আবদুল্লাহপুরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘জনগণের রায় মাথা পেতে নেব। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আব্দুল মান্নান ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের নিয়ম অনুযায়ী খালি ব্যালট বাক্স দেখানো হয়নি।
জনগণ ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, নির্বাচনে কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। সবাই এলাকার উন্নয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের যে বিজয়ী হবেন, আমি তার সঙ্গেই মিলেমিশে কাজ করতে চাই। জনগণ ভোটের মাধ্যমে যে রায় দেবে, সেটি মেনে নেবো।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেছেন, আমরা আজকে একটি সুন্দর, উৎসবমুখর এবং আনন্দময় নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পেরেছি। ইতোমধ্যে আমাদের অসংখ্য সম্মানিত ভোটার তাদের সেই কাঙ্ক্ষিত ভোট ও হারিয়ে যাওয়া স্বপ্ন ফেরত পেয়েছেন। তারা আজ পছন্দমতো প্রার্থীকে ভোট দিচ্ছেন।
খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জেলা সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয়, খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি কলেজ, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে কোথাও ভোটারের তেমন লাইন নেই। তবে বেলা বাড়লে ভোটারের উপস্থিতি বাড়বে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মো. মামুনুল হক ভোট দিয়েছেন। সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট প্রদান করার জন্য কেন্দ্রে এসেছেন।
ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজ ও মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন
নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে তার আগেই নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রে পৌঁছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করেন। পোলিং কর্মকর্তাদের ব্যস্ততা আর নিরাপত্তাকর্মীদের সতর্ক উপস্থিতি মিলিয়ে কেন্দ্রগুলোতে তৈরি হয় নিয়ন্ত্রিত কিন্তু প্রাণবন্ত পরিবেশ।
সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-১৩ আসনে অন্তর্ভুক্ত মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে উপস্থিত হয়েছেন নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন পরিচালনার দ্বায়িত্বপ্রাপ্তরা বুঝিয়ে দিচ্ছেন তাদের দ্বায়িত্ব।