‘এবার আমরা ভালো একজন শাসক পেয়ে যাবো’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটারদের প্রত্যাশা, এবার ভালো একজন শাসক পেয়ে যাবেন।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সকালে ঢাকা-১৩ আসনের সরকারি শারীরিক শিক্ষা কলেজে ভোট দিতে এসেছেন মো. আলম হোসেন। ৫৩ বছর বয়সে এটি তার তৃতীয় ভোট। ভোট দিয়ে ভালো লাগছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সরকারি শারীরিক শিক্ষা কলেজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে এসব বলেন তিনি।
মো. আলম হোসেন বলেন, আমার এখন ৫৩ বছর বয়স। এই বয়সে এটা আমার তৃতীয় ভোট। আমার ভালো লাগছে সকালেই ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছি যেন ভালো একজন নেতা আমাদেরকে দেন। আল্লাহ যদি কবুল করে তাহলে ইনশাআল্লাহ। আমাদের এলাকায় যাকে দেওয়া হয়েছে সে খুব ভালো মানুষ। তাকেই ভোট দিয়েছি।
গণভোট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, গণভোট নিয়ে বুঝতে কোনো ঝামেলা হয়নি।
অন্য বুথের প্রথম ভোটার মো. ইকবাল হোসেইন বলেন, সবার আগে ভোট দিতে পেরে নিজের কাছে খুবই আনন্দ লেগেছে এবং একটা উৎসব মুখর পরিবেশ। আমি আশা করি সারাদিন যেন এই পরিবেশ বজায় থাকে। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে। আশা করি এবার আমরা ভালো একজন শাসক পেয়ে যাবো।
গণভোটে কোনো জটিলতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, গণভোটে কোনো জটিলতায় পড়তে হয়নি। ভেতরে যারা দায়িত্ব পালন করছে তারা সব বুঝিয়ে দিচ্ছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।
এ ছাড়া সারা দেশের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর।
এমএসআই/এসএএ/এফআই