সাড়ে ৪ ঘণ্টায় ঢাকার ৪ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৩০ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর ঢাকা-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সাড়ে চার ঘণ্টা শেষে ৪টি কেন্দ্রে গড়ে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।
প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীর ডেমরার হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ে মোট ৪টি কেন্দ্র। এরমধ্যে পুরুষদের জন্য দুটি এবং মহিলাদের জন্য দুটি কেন্দ্র। ৪ কেন্দ্রের মোট ভোটার ৯ হাজার ১৮৩ জন। এরমধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ২ হাজার ৭১০ জন। যা প্রায় ৩০ শতাংশ। এখনো অনেক ভোটার ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে আছেন।
পুরুষ-১ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইকবাল বাহার সুমন ঢাকা পোস্টকে বলেন, এই কেন্দ্রে মোট ২ হাজার ২৪১ ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৭৩০ জন ভোট দিয়েছেন। সকাল থেকে মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কোথাও কোনো সমস্যা হয়নি।
পুরুষ-২ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহিদুল আরেফিন জানান, তার কেন্দ্রে ভোটারের সংখ্যা ২ হাজার ২২৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৮৩০ জন।
মহিলা-১ কেন্দ্রে ২ হাজার ১৫৯ জন ভোটার রয়েছেন বলে জানান এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পারভেজ মাহমুদ। এরমধ্যে ৬০০ জনের বেশি ভোটার ভোট দিয়েছেন বলেও জানান তিনি।
মহিলা-২ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, তার কেন্দ্রে ২ হাজার ৫৫৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ভোট দিয়েছেন ৫৫০ জন ভোট।
তিনি আরও বলেন, ভোটারদের এত চাপ যে অনেক অফিসার ক্লান্ত হয়ে গেছেন। এখন পর্যন্ত কোন ঝামেলা হয়নি।

অন্যদিকে, উত্তর যাত্রাবাড়ীর মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া কেন্দ্রে ৩ হাজার ৫৫৫ জনের মধ্যে সাড়ে ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৭০০ জন।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ বি এম মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
তিনি জানান, সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। সকাল থেকে তার কেন্দ্রে কোনো ঝামেলা হয়নি।
যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মোট ২টি কেন্দ্র। এরমধ্যে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তুষার কান্তি কর জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২ হাজার ২৮৯ জন ভোটারের মধ্যে ৪৩৭টি ভোট পড়েছে।
মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, তার কেন্দ্রে ৩ হাজার ৮০৯ জন ভোটারের মধ্যে সাড়ে ৯টা পর্যন্ত ২ ঘণ্টায় ভোট দিয়েছেন ২৬৯ জন।
অন্যদিকে, যাত্রাবাড়ী বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দুটি কেন্দ্র। এরমধ্যে পুরুষ কেন্দ্রে ভোটার ৩ হাজার ৫১৮ জন। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওমর ফারুক জানান, সকাল সাড়ে ৯টায় পর্যন্ত
৩৭০ জন ভোট দিয়েছেন।
মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিন বলেন, এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৫৮৩ জন। এরমধ্যে ২ ঘণ্টায় ভোট দিয়েছেন ১৫০ জন। সারা দেশে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন। রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা, কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এ আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।
ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। মূলত এ তিন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।
ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। এরমধ্যে বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)।
এছাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির তোফাজ্জল হোসেন মোস্তফা (কাস্তে প্রতীক), গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল প্রতীক), লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. তাইফুর রহমান রাহী (ছড়ি প্রতীক), সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) শাহিনুর আক্তার সুমি (কাচি প্রতীক), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. হুমায়ূন কবির (ছাতা প্রতীক) ও বাংলাদেশ কংগ্রেসের মো. সাইফুল আলম (ডাব প্রতীক)।
এসএইচআর/এমএসএ