অনাথ ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র রমজানে ‘অনাথ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে প্রতিদিন রাজধানীর দনিয়া ও আশপাশের এলাকার ২০০ থেকে ৩০০ জন অসহায় ও রোজাদার মানুষের মধ্যে মানসম্মত ইফতার বিতরণ করা হচ্ছে।
রাজধানীর দনিয়া এলাকার শাহী মসজিদ সংলগ্ন সড়কের একদল উদ্যমী যুবকের হাত ধরে প্রতিষ্ঠিত ‘অনাথ ফাউন্ডেশন’ আর্তমানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজানে প্রতিদিন দনিয়া ও আশপাশের এলাকার ২০০ থেকে ৩০০ জন অসহায় ও রোজাদার মানুষের মধ্যে মানসম্মত ইফতার বিতরণ করা হচ্ছে।
আজ সোমবারও (৯ মার্চ) সংগঠনটি তাদের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন মোরগ পোলাও, ভুনা খিচুড়ি কিংবা তেহারির মতো পুষ্টিকর খাবার রোজাদারদের হাতে তুলে দিচ্ছেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইফতার বিতরণ কর্মসূচি ২৭ রমজান পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
১৯৯৮ সালে তরুণ শিক্ষার্থীর হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে এক থেকে দেড় হাজার দুস্থ পরিবারের মাঝে নতুন জামাকাপড়সহ দুধ, চিনি, সেমাই, পোলাও চাল, তেল, মসলা ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।
কেবল রমজান বা ঈদেই নয়, সারা বছরই অনাথ ফাউন্ডেশন নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— অসহায় ও মেধাবী ছাত্রদের মাঝে স্কুল পোশাক বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখতে বৃত্তি প্রদান, দেশের যেকোনো প্রান্তে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহযোগিতা প্রদান।
এমটিআই/জেইউ