চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) সকালে বিশেষ অভিযান চালিয়ে এসব আলু ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটি থেকে ২২ হাজার ৫০০ কেজি আলু ও ২৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন– মাঝি করিম উল্লাহ (৩৬), আব্দুর রহিম (২৪), মো. রুবেল (২৬), নবীর হোসেন (৩৮), আজিজুল হক (২০), মো. গিয়াস উদ্দিন (৩২), মো. সোহেল (২২), মো. এবাদুল ইসলাম (২২), নুরুল আবছার (২৫) এবং মো. শাহজাহান (৪২)। তাঁদের অধিকাংশের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।
বিজ্ঞাপন
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ আলু পাওয়া যায়। পাচারকাজে জড়িত থাকার দায়ে বোটের ১০ জন আরোহীকে আটক করা হয়।
জব্দকৃত আলু, ডিজেল, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
এমআর/বিআরইউ
