বিজ্ঞাপন

গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি

অ+
অ-
গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি

ট্রাইব্যুনালে চলা র‍্যাবের গুম খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি। যদি চাওয়া হয় তাহলে ট্রাইব্যুনালকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর র‍্যাবের কথিত খুন, গুম ও ক্রসফায়ারের নথি তলব করে মামলাগুলো তদন্ত করবেন– এ ক্ষেত্রে র‍্যাব সহযোগিতা করবে কি না, জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘বিচারপ্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে আমাদের সহযোগিতা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের কাছে যা আছে, তা দেব। কোনো তথ্য না থাকলে আমরা অপারগতা প্রকাশ করব। তবে ট্রাইব্যুনাল এই বিষয়ে এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা আমাদের কাছে সহায়তা চাইলে অবশ্যই সহায়তা করা হবে।’

র‍্যাব বিলুপ্তির বিষয়ে দেশি-বিদেশি সংস্থার চাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, র‍্যাব বিলুপ্তি বা বাহিনী সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র‍্যাবের ওপর বর্তায় না; সরকার এ বিষয়গুলো বিবেচনা করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব পালন করা। যেহেতু আমরা রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করছি, তাই আমাদের মূল কাজই হচ্ছে কাজের মাধ্যমে র‍্যাবকে জনগণের সামনে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। র‍্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আমরা আমাদের কাজ করে যাব।’

বিগত সময়ে র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে আহসান হাবিব পলাশ বলেন, ‘গত দেড় বছর এবং এর আগের সরকারের সময়ের র‍্যাব কার্যক্রম পর্যালোচনা করলে দেখবেন, র‍্যাবের অপকর্মের ইতিহাস খুব বেশি নেই। এতেই প্রমাণিত হয় যে সঠিকভাবে পরিচালনা করা গেলে র‍্যাব সঠিকভাবে চলতে পারে। আমি মনে করি, এ ব্যাপারে সরকার চেষ্টা করছে এবং আমরা সরকারের কিছু নির্দেশনাও পেয়েছি।’

এসএএ/এসএম

বিজ্ঞাপন